জাতীয় সংসদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর আরও কার্যকরভাবে তুলে ধরা এবং জবাবদিহিতা শক্তিশালী করার লক্ষ্যে একটি সংসদীয় ককাস (Parliamentary Caucus) গঠনের উদ্যোগ নিয়ে ১৭ মে ২০২৬ তারিখে মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি-এর সঙ্গে বৈঠক করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর একটি প্রতিনিধি দল।

বৈঠকে সংসদ সদস্যদের সাথে নাগরিক সমাজ, বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনের কার্যকর সংযোগ স্থাপন ও সমন্বয় সাধনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রস্তাবিত এই সংসদীয় ককাসের মূল লক্ষ্য হবে—দারিদ্র্য, বৈষম্য ও প্রান্তিকতার কারণে উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে পড়া মানুষের পক্ষে সংসদে জোরালো ভূমিকা রাখা, নীতিনির্ধারণী প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক করা এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। আলোচনায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগটি সংসদ সদস্যদের সাথে প্রথাগত গণ্ডির বাইরের বিশেষজ্ঞ ও অংশীজনদের একটি কার্যকর প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্র তৈরি করবে, যা সামগ্রিক নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে।

মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি নাগরিক প্ল্যাটফর্মের এই দূরদর্শী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এর প্রতি তাঁর পূর্ণ সমর্থন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে, পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় নিবেদিতভাবে কাজ করতে আগ্রহী কয়েকজন সংসদ সদস্যের নাম প্রস্তাব করার বিষয়েও তিনি ইতিবাচক অভিমত ব্যক্ত করেন।

বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন: অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কোর গ্রুপ সদস্য, নাগরিক প্ল্যাটফর্ম ও সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি); ড. ইফতেখারুজ্জামান, কোর গ্রুপ সদস্য, নাগরিক প্ল্যাটফর্ম ও নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি); সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম; হাসিন জাহান, কান্ট্রি ডিরেক্টর, ওয়াটারএইড বাংলাদেশ; জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ; আশরাফুন নাহার মিষ্টি, নির্বাহী পরিচালক, উইম্যান উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ) এবং তারান্নুম জিনান, নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট, নাগরিক প্ল্যাটফর্ম।