বাংলাদেশের শিক্ষাখাত বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। গত দুই দশকে শিক্ষায় প্রবেশাধিকার বৃদ্ধি, লিঙ্গসমতা অর্জন এবং অবকাঠামোগত সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও, শিক্ষার গুণগত মান, শেখার ঘাটতি, ঝরে পড়া, দক্ষতা উন্নয়ন এবং বৈষম্য এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে উঠেছে। প্রযুক্তি ও বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তন শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে।

এই প্রেক্ষাপটে নাগরিক প্ল্যাটফর্ম, ১৬ মার্চ ২০২৬ তারিখে “নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত: নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ” শীর্ষক একটি নাগরিক সংলাপ আয়োজন করে। সংলাপে সরকারি নীতিনির্ধারক, মাননীয় সংসদ সদস্য, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের প্রতিনিধি, শিক্ষক সংগঠনসমূহের প্রতিনিধি, গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন অংশীজন অংশ নেন।

আলোচনায় শিক্ষা খাতের ঝরে পড়ার সমস্যা, শিক্ষা বাজেটের অপ্রতুলতা, পাঠ্যক্রম সংস্কার, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, পাঠদানে প্রযুক্তির কার্যকর ব্যবহার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সামঞ্জস্যহীনতাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। উক্ত সংলাপে আলোচিত বিষয়গুলোর মতামত, উদ্বেগ, প্রত্যাশা ও অভিজ্ঞতার সংকলন উপস্থাপন করা হয়েছে, যাতে নীতিনির্ধারণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তা সহায়ক ভূমিকা রাখতে পারে।