২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার ও শাসন ক্ষমতার পট পরিবর্তনের প্রেক্ষাপটে ৮ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। শাসনভার গ্রহণের পরবর্তীতে এই সরকারকে গভীর কাঠামোগত সংকট এবং বহুমাত্রিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়। উচ্চ মূল্যস্ফীতি, সুশাসনের ঘাটতি, দুর্বল প্রাতিষ্ঠানিক ভিত্তি, ক্রমবর্ধমান আয়-ভোগ-সম্পদ বৈষম্য এবং ন্যায়বিচারের অনুপস্থিতি এই চ্যালেঞ্জসমূহকে আরো ঘনীভূত করে তোলে।

এই পরিস্থিতিতে, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২৯ আগস্ট একটি গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর একটি ‘শ্বেতপত্র’ (White Paper) প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করে এবং এ দায়িত্ব পালনের জন্য একটি ‘শ্বেতপত্র প্রণয়ন কমিটি’ (White Paper Committee) গঠন করে। উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতির একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন প্রস্তুতপূর্বক জমা দেয়ার জন্য ১২ সদস্যের এই কমিটিকে তিন মাস সময় দেওয়া হয়। কমিটি নির্ধারিত সময়ের মধ্যে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, এ প্রতিবেদন প্রস্তুত করে, এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকারে কাছে হস্তান্তর করে। দলিলটি সম্বন্ধে অব্যাহত আগ্রহের প্রেক্ষিতে এর বাংলা ভাবানুবাদ প্রকাশ করা হলো।

বাংলা সংস্করণ (অনলাইন) প্রকাশকাল: আগস্ট ২০২৬